All news

মৌলভীবাজারে অসচ্ছল নারীরা পেলেন বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

মৌলভীবাজারে অসচ্ছল নারীরা পেলেন বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ শেষে ১৫ জন নারী পেলেন সেলাই মেশিন। গতকাল মৌলভীবাজারে সার্কিট হাউসের মুন হলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মৌলভীবাজারের ১৫ জন অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীন হোসেন। বসুন্ধরা শুভসংঘ জেলা সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং শুভসংঘের সহসভাপতি ও ইম্পেরিয়াল কলেজের পরিচালক সিতাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, শুভসংঘের উপদেষ্টা দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শুভসংঘের কর্মকর্তা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধিরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন  শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হোসেন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমার স্ত্রী সেলাই শিখে সন্তানদের জন্য জামা তৈরি করার পর পরিবারে যে আনন্দের সৃষ্টি হয়েছে, তা তাকে এ কাজের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন বলেন, আজ সন্তানদের পেছনে শ্রম ও অর্থ ব্যয় করলে আগামী ২০ বছর পর তারা পরিবার ও সমাজকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে। সুশিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, যা সরকারেরও লক্ষ্য। বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রায় ৮০ হাজার কর্মীর এই বৃহৎ পরিবারটি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে উপকারভোগী তিশা দেব তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, এ প্রশিক্ষণ আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং এখন  নিজের ও পরিবারের জন্য অবদান রাখতে পারব। শুভসংঘের জেলা কমিটির সভাপতি মুহিবুর রহমান বলেন, ভবিষ্যতে মৌলভীবাজার জেলায় জনকল্যাণমূলক আরও বড় পরিসরে কাজ করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সৈয়দ আহসান আক্তার দোলন, রাসেল আহমদ মাহমুদ, মো. আবদুস সোপান ছামি, মো. মনির উদ্দিন, জাবেদ আহমদ, মাহবুবুর রহমান ইয়ামিম, হোসাইন আহমদ সাব্বির, শামসুল ইসলাম শুভ, সৃজন দাশ প্রমুখ।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন